তামিলনাড়ুতে রাজনৈতিক অস্থিরতা: বিজয়ের দলের ১০৭ বিধায়কের গণ-পদত্যাগের হুমকি

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
তামিলনাড়ুতে রাজনৈতিক অস্থিরতা: বিজয়ের দলের ১০৭ বিধায়কের গণ-পদত্যাগের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন নিয়ে দড়িটানাটানি এখন চরম উত্তেজনায় রূপ নিয়েছে। অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে) থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, যদি ডিএমকে বা এআইএডিএমকে কোনোভাবে সরকার গড়ার চেষ্টা করে, তবে বিজয়ের ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার টিভিকে দলের একটি সূত্র জানায়, জনমতে বিজয়ের দল বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হলেও ষড়যন্ত্র করে তাদের ক্ষমতা থেকে দূরে রাখার চেষ্টা চলছে। দলের এক শীর্ষ নেতা বলেন, “জনরায় বিভক্ত হতে পারে, কিন্তু ১০৮ আসনে জয়ী বৃহত্তম দলকে উপেক্ষা করে সরকার গড়া জনগণের রায়ের অপমান।”

রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন ছড়িয়েছে যে, বিজয়কে ঠেকাতে দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী এম কে স্ট্যালিনের ডিএমকে (৫৯ আসন) এবং পালানিস্বামীর এআইএডিএমকে (৪৭ আসন) পর্দার আড়ালে সমঝোতা করার চেষ্টা করছে। এই দুই দল এক হলে আসন সংখ্যা ১০৬ হয়, যা সরকার গড়ার কাছাকাছি গেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারে না। তবে এই জোটের সম্ভাবনাই বিজয়ের শিবিরে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিজয় এখন মরিয়া হয়ে ডিএমকের পুরনো মিত্র ভিসিকে (VCK), বাম দলগুলো (CPI ও CPM) এবং আইইউএমএল-এর (IUML) সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। তবে এই দলগুলো এখন পর্যন্ত বিজয়ের পাশে দাঁড়ানোর কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি।

বিশ্লেষকদের মতে, যদি ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করেন, তবে তামিলনাড়ুতে উপ-নির্বাচন বা পুনরায় নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে, যা রাজ্যটিকে এক গভীর সাংবিধানিক সংকটে ঠেলে দেবে।

মন্তব্য করুন