চীনা প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ
চীনা প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা এড়াতে শেষ মুহূর্তে সতর্ক অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপসিক’, মেমরি চিপ নির্মাতা ‘সিএক্সএমটি’ (CXMT) সহ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চীনের শতাধিক কোম্পানিকে বাণিজ্যিকভাবে ‘কালো তালিকাভুক্ত’ করার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (১৭ জুন) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

গত বছর যুক্তরাষ্ট্রের একটি আন্তঃবিভাগীয় কমিটি এই কোম্পানিগুলোকে মার্কিন বাণিজ্য দপ্তরের ‘এনটিটি লিস্ট’ বা কালো তালিকায় যুক্ত করার অনুমোদন দিয়েছিল। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে। বিশেষ করে ডিপসিকের বিরুদ্ধে অভিযোগ, এই স্টার্টআপটি চীনের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সরাসরি সহায়তা করছে এবং উন্নত মার্কিন চিপ অবৈধভাবে সংগ্রহের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন নামসর্বস্ব প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে। এছাড়া ‘অ্যানথ্রোপিক’ ও ‘ওপেনএআই’-এর মতো প্রতিষ্ঠানের ক্লাউড এআই থেকে তথ্য চুরির চেষ্টার অভিযোগও রয়েছে এই চীনা ল্যাবটির বিরুদ্ধে।

অন্যদিকে, সিএক্সএমটিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর অনেক আগেই ‘সামরিক কোম্পানি’ হিসেবে চিহ্নিত করেছিল। কালো তালিকাভুক্ত হলে কোনো মার্কিন প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া এসব কোম্পানির সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন করতে পারে না, যা মূলত তাদের বৈশ্বিক কার্যক্রমের পথ রুদ্ধ করে দেয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ৭৫টি চীনা সেমিকন্ডাক্টর ও এআই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার জন্য আন্তঃবিভাগীয় কমিটির চূড়ান্ত অনুমোদন রয়েছে। তবে মার্কিন বাণিজ্য বিভাগ এখনো সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের সঙ্গে কোনোভাবেই পরিস্থিতির অবনতি ঘটাতে চায় না ওয়াশিংটন, তাই কৌশলগত কারণেই তালিকাটি প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে। এ বিষয়ে ডিপসিক বা সিএক্সএমটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন