আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে টহল দেওয়ার সময় মার্কিন নৌবাহিনীর একটি ‘এমএইচ-৬০ এস সি হক’ চপার হেলিকপ্টার সাগরে আছড়ে পড়ে ডুবে গেছে। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যপ্রাচ্যের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চালকসহ মোট ৪ জন আরোহী ছিলেন। মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১ জন ক্রু নিখোঁজ রয়েছেন।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, “সাগরে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে চপার হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। নিখোঁজ সেনাসদস্যের সন্ধানে সাগরে নৌবাহিনীর ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।” তবে এই দুর্ঘটনাটি কোনো শত্রুভাবাপন্ন দেশের হামলার কারণে ঘটেনি বলে পরিষ্কার করেছে মার্কিন নৌবাহিনী। উদ্ধার হওয়া ৩ সেনাসদস্যের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

বিধ্বস্ত এই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী অত্যাধুনিক রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’-এর সামরিক এয়ারক্রাফট বহরের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় সার্বক্ষণিক নজরদারির জন্য অবস্থান করা মার্কিন নৌবাহিনীর দুটি প্রধান বিমানবাহী রণতরীর একটি হলো এই ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ এবং অন্যটি ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু হওয়া থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত ৪০ দিনে এই দুই রণতরীকে ব্যাপকভাবে ব্যবহার করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এই সময়কালে বেশ কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক এয়ারক্রাফট হারিয়েছে ওয়াশিংটন। যার মধ্যে সর্বশেষ সংযোজন এই সি হক চপারটি। এর আগে গত জুন মাসেও হরমুজ প্রণালিতে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বাহিনীর একটি ‘এএইচ-৬৪ অ্যাপাচে’ অ্যাটাক হেলিকপ্টার সাগরে ডুবে গিয়েছিল, তবে সেটিতে কোনো প্রাণহানি ঘটেনি।

সূত্র: এবিসি নিউজ

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন