জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত নিহত ২, চারজন নিখোঁজ

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত নিহত ২, চারজন নিখোঁজ

অনলাইন ডেস্ক: জাপানে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। রাজধানী টোকিও ও এর আশপাশের অঞ্চলে এ ঘটনায় অন্তত চারজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে (NHK)।

শক্তিশালী এই ঝড়ের তান্ডব ও সম্ভাব্য বিপর্যয় থেকে বাঁধার লক্ষ্যে অন্তত ১৬ লাখ বাসিন্দাকে অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। টাইফুনের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি।

সোমবার ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) বাতাসের বেগ নিয়ে টাইফুন দুজুয়ান টোকিওর নিকটবর্তী কাৎসুউরার ১৩০ কিলোমিটার দক্ষিণাঞ্চল দিয়ে উপকূলে স্থলে উঠে আসে। ঝড়ের তীব্র প্রভাবে চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে একাধিক স্থানে মারাত্মক ভূমিধস হয় এবং নিচু এলাকাগুলো প্লাবিত হয়।

চিবা প্রিফেকচারে ভূমিধসের সময় নিজের এক্সকাভেটরসহ কাদার নিচে চাপা পড়েন এক ব্যক্তি। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে কানাগাওয়াতে পাহাড় ধসে একটি বসতবাড়ি মাটির নিচে তলিয়ে গেলে এক নারীর মৃত্যু হয়। ইবারাকি প্রিফেকচারসহ আশেপাশের সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা থমকে গেছে।

টাইফুনের কারণে টোকিও ও ওসাকার মধ্যবর্তী বুলেট ট্রেন সার্ভিসসহ একাধিক রেল যোগাযোগ স্থগিত করা হয়। জাপান এয়ারলাইন্স ও নিপ্পন এয়ারওয়েজের প্রায় ২৭৫টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে ঝড়টি সামুদ্রিক উপকূল ঘেঁষে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকায় এর তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে, যা সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে নতুন বন্যার শঙ্কা তৈরি করেছে। চলতি বছরে জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন এটি।

মন্তব্য করুন