কাশ্মীরে বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিয়ন্ত্রণ রেখার (LoC) কাছে একটি ভয়াবহ আকস্মিক বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান নিহত হয়েছেন।
গতকাল বুধবার (১০ জুন) উরি সেক্টরের কামালকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম 'কাশ্মীর অবজারভার' এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।
নিহত দুই সেনাসদস্যই ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা এবং তারা ৮ রাষ্ট্রীয় রাইফেলসের (8 RR) অন্তর্ভুক্ত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, বুধবার উরি সেক্টরের কামালকোট সীমান্ত এলাকায় ডিউটি করার সময় আকস্মিকভাবে এই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্জুন যাদব এবং বিক্রম বালকৃষ্ণ নামের ওই দুই জওয়ান গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দ শুনে সহকর্মীরা দ্রুত রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটবর্তী সেনাবাহিনীর বেস হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। ঠিক কী ধরনের বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।
এই মর্মান্তিক ঘটনার পর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গভীর শোক প্রকাশ করে বলেন, "আমাদের বীর সন্তানদের এই সর্বোচ্চ আত্মত্যাগকে আমি স্যালুট জানাই। কর্তব্যের প্রতি তাদের এই নিঃস্বার্থ দেশপ্রেমের জন্য গোটা জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে। শোকের এই কঠিন মুহূর্তে আমরা শহীদ জওয়ানদের পরিবারের পাশে আছি।"
পাশাপাশি শ্রীনগর-ভিত্তিক ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসও নিহত জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এক বার্তায় তারা জানায়, "তাদের অদম্য সাহস, নিষ্ঠা এবং নিঃস্বার্থ সেবা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা তাদের অদম্য বীরত্ব ও আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সার্বিক মর্যাদা ও কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
এআইএল/সকালবেলা
|