ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি আটকে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি আটকে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে চলমান শান্তি আলোচনায় নতুন মোড় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর ইরান মাশুল আরোপের যে পরিকল্পনা করছে, তার তীব্র বিরোধিতা করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুক্তিতে এ ধরনের কোনো সুযোগ রাখা হলে তিনি চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করবেন না।

সম্প্রতি যুদ্ধ বন্ধ ও উত্তেজনা নিরসনে উভয় দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতি ও কিছু নিষেধাজ্ঞা শিথিলের নীতিগত রূপরেখা রয়েছে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও লেবানন সংক্রান্ত বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের হাতেই থাকবে এবং ভুল বোঝাবুঝি এড়াতে একটি ‘টেলিফোন হটলাইন’ চালুর বিষয়েও তারা নীতিগতভাবে একমত হয়েছেন।

বুধবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গণমাধ্যমের সামনে তার কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান কোনো ধরনের অর্থ আদায় করতে পারবে না।” ট্রাম্পের মতে, এ ধরনের মাশুল আরোপ যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার আশঙ্কা, এই ব্যবস্থা অনুমোদন করা হলে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একইভাবে মাশুল আদায়ের নজির তৈরি হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কোনো মাশুল নেওয়া হবে না বলে তাকে ইরান আশ্বস্ত করেছে। এখন দেখার বিষয়, দীর্ঘ এই শান্তি আলোচনার শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং দুই দেশের মধ্যে চূড়ান্ত কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয় কি না।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন