‘ইরান যুদ্ধে ট্রাম্প কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি’: মিকি শেরিল
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। তার দাবি, এই সামরিক অভিযানের মাধ্যমে প্রশাসন তাদের ঘোষিত কোনো লক্ষ্যই বাস্তবায়ন করতে পারেনি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট নেতা মিকি শেরিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র কী অর্জন করেছে, সে বিষয়ে প্রশাসনের জনগণের কাছে সুস্পষ্ট জবাবদিহি করা উচিত।”
শেরিল অভিযোগ করেন, সংঘাতের শুরু থেকে ট্রাম্প প্রশাসন বারবার তাদের লক্ষ্য পরিবর্তন করেছে। কখনো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, কখনো পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, আবার কখনো সরকার পরিবর্তন কিংবা হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিশ্চিত করাকে অভিযানের মূল উদ্দেশ্য হিসেবে প্রচার করা হয়েছে। তার মতে, এসব লক্ষ্যের একটিও এখন পর্যন্ত অর্জিত হয়নি।
গভর্নর শেরিল আরও উল্লেখ করেন যে, এই সামরিক অভিযানের কারণে মার্কিন নাগরিকদের অর্থ ও রাষ্ট্রীয় সম্পদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এই সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রকৃতপক্ষে কতটা জোরদার হয়েছে, তা নিয়ে জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যার অধিকার রয়েছে।
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের বিষয়টিকে সামরিক অভিযানের সাফল্য হিসেবে প্রচার করার সমালোচনা করে তিনি বলেন, সংঘাত শুরুর আগেও ওই রুট দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল স্বাভাবিক ছিল। তাই এটিকে সামরিক সাফল্য হিসেবে তুলে ধরা মোটেও যুক্তিযুক্ত নয়।
জান্নাত সকালবেলা
|