ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কা মুর্শিদাবাদে ২ শিক্ষার্থীসহ নিহত ৩

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ণ
ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কা মুর্শিদাবাদে ২ শিক্ষার্থীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ও তাদের স্কুল বাসচালকসহ মোট তিনজন প্রাণ হারিয়েছেন। যাত্রীবাহী ট্রেনের প্রচণ্ড ধাক্কায় স্কুল বাসটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা যেভাবে ঘটল: প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকালে শিক্ষার্থীদের নিয়ে বাসটি স্কুলে যাচ্ছিল। কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে একটি আপ ট্রেন চলে যাওয়ার পরপরই দায়িত্বরত গেটম্যান ক্রসিংয়ের গেট খুলে দেন।

বাসটি লাইন পার হওয়ার সময় ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা নিমতিতা-কাটোয়াগামী একটি লোকাল যাত্রীবাহী ট্রেন তীব্র গতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের আঘাতে বাসের কিয়দাংশ দুমড়েমুচড়ে দুর্ঘটনাস্থলেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

দুই কর্মকর্তা বরখাস্ত ও তদন্ত শুরু:দুর্ঘটনার খবর পেয়েই ঊর্ধ্বতন পুলিশ প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলক্রসিংয়ের গেট খোলার বিষয়ে চরম গাফিলতি ও গেটম্যানের ভূমিকার বিষয়টি সামনে আসায় রেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যান ও একজন রেল সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত (Suspend) করা হয়েছে।

এক রেল কর্মকর্তা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে এই মর্মান্তিক প্রাণহানির জন্য সরাসরি রেলক্রসিংয়ের গেটম্যানের চরম অবহেলাকেই দায়ী করেছেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন