ইসরায়েলে সামরিক হামলার হুমকি দিলেন এরদোয়ান

ইসরায়েলে সামরিক হামলার হুমকি দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্তমান সময়ের 'হিটলার' আখ্যা দিয়ে দেশটিতে সামরিক অভিযানের সরাসরি হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

রোববার (১২ এপ্রিল) এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।

আরব সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, "তুরস্ক যেভাবে অতীতে লিবিয়া এবং কারাবাখে প্রবেশ করেছিল, ঠিক একইভাবে আমরা ইসরায়েলেও প্রবেশ করতে পারি। এর জন্য আমাদের কেবল শক্তি এবং ঐক্যের প্রয়োজন।" তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা যদি ব্যর্থ হতে থাকে, তবে তুরস্কই ইসরায়েলকে তার উপযুক্ত শিক্ষা দেবে।

নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে এরদোয়ান বলেন, "ইসরায়েলি প্রধানমন্ত্রী রক্ত এবং ঘৃণায় অন্ধ হয়ে গেছেন। এমনকি যুদ্ধবিরতির দিনেও ইসরায়েল শত শত নিরপরাধ লেবানিজ নাগরিককে হত্যা করেছে।"

প্রেসিডেন্ট এরদোয়ান তাঁর ভাষণে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "যদি পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ এড়াতে মধ্যস্থতা না করত, তবে তুরস্ক অনেক আগেই ইসরায়েলকে উচিত শিক্ষা দিয়ে দিত।"

এরদোয়ানের এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের এই কঠোর অবস্থান ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করবে।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন