ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) এএফপি’র প্রতিনিধিরা রিয়াদের বিভিন্ন অংশ থেকে বিকট বিস্ফোরণের অন্তত কয়েকটি শব্দ শোনার কথা জানান। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ (Operation Roaring Lion)-এর প্রতিবাদে ইরান পাল্টা মিসাইল হামলা শুরু করেছে। এই হামলার লক্ষ্যবস্তু হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে। এরই মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি এবং আবুধাবির আল-ধফরা বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। রিয়াদের এই বিস্ফোরণও সেই একই পাল্টাপাল্টি হামলার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের এই পাল্টা হামলার পর বাহরাইন, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কাতার দাবি করেছে যে, তারা তাদের ভূখণ্ডে ধেয়ে আসা বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় লক্ষ্য করে আজ সকালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রয়টার্সের তথ্যমতে, হামলার আগেই খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি গোপন ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে, গত ২৪ ঘণ্টায় কূটনৈতিক আলোচনার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংঘাত এখন একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে যাচ্ছে। রিয়াদের পরিস্থিতি সম্পর্কে সৌদি সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে স্থানীয় বাসিন্দা ও বিশ্ববাসী।
এম.আর-২/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ