পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ণ
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সেরাই নওরং এলাকায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য ডন' এই খবর নিশ্চিত করেছে।

জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান জানান, বান্নু ও ডেরা ইসমাইল খান শহরের সংযোগস্থলে ব্যস্ত একটি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি এটি আত্মঘাতী হামলা ছিল নাকি বিস্ফোরকভর্তি কোনো যানবাহন সেখানে রাখা ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দল (BDU) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছে। হামলায় বেশ কিছু দোকান ও রিকশা দুমড়েমুচড়ে গেছে।

নিহত দুই পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন আদিল জান ও রহাতুল্লাহ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বান্নুর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত শনিবার রাতেও বান্নুর একটি পুলিশ পোস্টে আত্মঘাতী হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। আজকের এই হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের ধরতে বড় ধরনের অভিযান শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন