রাহুল-অভিষেক বৈঠক: নতুন সমীকরণে দিল্লির রাজনীতি

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
রাহুল-অভিষেক বৈঠক: নতুন সমীকরণে দিল্লির রাজনীতি
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আজ বুধবার (১০ জুন) নয়াদিল্লির ১০ নম্বর জনপথে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ মুখোমুখি আলোচনা করেন। তবে শীর্ষস্থানীয় এই দুই নেতার বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই হাই-প্রোফাইল সাক্ষাৎকে কেন্দ্র করে ভারতের জাতীয় রাজনৈতিক মহলে এখন ব্যাপক আগ্রহ ও গুঞ্জন তৈরি হয়েছে।

এর ঠিক একদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে দিল্লিতে এক ফলপ্রসূ আলোচনা করেছিলেন। সোনিয়া-মমতার সেই হাই-ভোল্টেজ বৈঠকের পরদিনই রাহুল ও অভিষেকের এই মুখোমুখি হওয়াকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পরপর এই দুই বৈঠককে কেন্দ্র করে ভারতের বিরোধী শিবিরে বিশেষ চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত কোনো সূত্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবে জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’-এর শরিক দলগুলোর মধ্যে আগামী দিনের কৌশল নির্ধারণ ও পারস্পরিক সমন্বয় জোরদার করার ক্ষেত্রে এই যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন