ইরানি জাতির সাহসে বিশ্ববাসী বিস্মিত: পুতিন

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
ইরানি জাতির সাহসে বিশ্ববাসী বিস্মিত: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি জাতির অভূতপূর্ব সাহস, বীরত্ব ও দৃঢ়তা পুরো বিশ্বকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মস্কোয় অনুষ্ঠিত 'ভালদাই ডিসকাশন ক্লাব'-এর ২৩তম বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট জানান, সমগ্র বিশ্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইরানের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ফিলিস্তিন ও আঞ্চলিক প্রেক্ষাপটে দেশটির জনগণের অটল প্রতিরোধ দেখে স্তম্ভিত হয়ে পড়েছে। তিনি বলেন, ইরানের প্রশাসন, সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দক্ষ নেতৃত্বের একটি শক্তিশালী ভিত রয়েছে, যাঁরা দেশের স্বার্থে যেকোনো আত্মত্যাগে প্রস্তুত।

বক্তব্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানির হত্যাকাণ্ডকে একটি ‘বিরাট ভুল’ হিসেবে আখ্যা দেন পুতিন। তাঁর মতে, লারিজানি ছিলেন দূরদর্শী ও সমঝোতাপ্রবণ, যিনি সবসময় সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী ছিলেন।

এ ছাড়া ইউরেনিয়াম ব্যবস্থাপনা প্রসঙ্গে পুতিন জানান, মস্কো ও তেহরানের যৌথ উদ্যোগে ইউরেনিয়াম পুনর্বাসন প্রস্তাব এখনো কার্যকর রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের ওপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেন তিনি। সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: প্রেসি টিভি 

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন