ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তি ইসরাইল নস্যাৎ করার চেষ্টা করছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর মতে, ওয়াশিংটন ও তেহরানের এই ঐতিহাসিক চুক্তি যদি শেষ পর্যন্ত সফল হয়, তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ চিরতরে শেষ হয়ে যেতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘সামা টিভি’র একটি বিশেষ টকশো-তে অংশ নিয়ে খাজা আসিফ এসব কথা বলেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের সঙ্গে ইসরাইলের জোট ও যৌথ আগ্রাসনের আশঙ্কার বিষয়েও কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘যদি ইসরাইল এককভাবে কিংবা ভারতের সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে পাকিস্তান সমান শক্তিতে তার চূড়ান্ত জবাব দেবে।’ আত্মরক্ষার পূর্ণ অধিকার ব্যবহার করে ইসলামাবাদ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে বলেও জানান তিনি।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের বিরুদ্ধে ইসরাইল ব্যাপকভাবে ‘গণবিধ্বংসী অস্ত্র’ ব্যবহারের পরিকল্পনা করেছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের সুনির্দিষ্ট কোনো খবর তাঁর কাছে নেই। তবে ইসরাইলের মতো একটি ‘অনির্দেশ্য’ (আনপ্রেডিক্টেবল) রাষ্ট্রের কাছ থেকে যেকোনো সময় যেকোনো কিছুই প্রত্যাশা করা যায় এবং তারা লক্ষ্য অর্জনে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করতেও পিছপা নাও হতে পারে।
খাজা আসিফ অভিযোগ করেন, পাকিস্তান ও ফিলিস্তিন ইস্যুতে ভারত, ইসরাইল ও আফগানিস্তানের মানসিকতা একই সুতোয় গাঁথা এবং এই রাষ্ট্রগুলোর মধ্যে পাকিস্তানের প্রতি একধরনের গভীর শত্রুভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে ভারত পাকিস্তানের মাটিতে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে মদদ দিচ্ছে দাবি করে তিনি বলেন, ‘এ বিষয়ে এবার একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার।’ তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নও সমান জরুরি বলে তিনি মন্তব্য করেন।
ইহুদি সম্প্রদায়ের একটি বড় অংশও এখন ইসরাইলের যুদ্ধংদেহী কর্মকাণ্ডের সমালোচনা করছে উল্লেখ করে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, ফিলিস্তিনিদের আত্মত্যাগ ও প্রতিরোধ অবশ্যই একদিন বিশ্বমঞ্চে পূর্ণ স্বীকৃতি পাবে।
|