কিউবায় হামলার হুমকি ট্রাম্পের, সীমান্তে রণতরী মোতায়েনের পরিকল্পনা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
কিউবায় হামলার হুমকি ট্রাম্পের, সীমান্তে রণতরী মোতায়েনের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: কিউবায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও পদক্ষেপ থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘এক্সিওস’। 

মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার জানিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে ফেরা একটি রণতরী কিউবার কাছে মোতায়েন করা হতে পারে। ট্রাম্প তাঁর ঘনিষ্ঠজনদের বলেছেন, রণতরী মোতায়েন করে কিউবাকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব। এছাড়া গত ফেব্রুয়ারি থেকে দ্বীপরাষ্ট্রটির ওপর মার্কিন নজরদারি বিমানের ওড়াউড়ি অনেক গুণ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের কঠোর জ্বালানি অবরোধের কারণে কিউবার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা অপহরণ করার পর কিউবার অবস্থা আরও নাজুক হয়ে যায়, কারণ ভেনেজুয়েলা থেকেই দেশটির সিংহভাগ তেল আসত। কিউবার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞাকে ‘গণহত্যার উদ্দেশ্যে সাধারণ মানুষের ওপর সামগ্রিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন।

ট্রাম্প যদি শেষ পর্যন্ত কিউবায় সামরিক অভিযান চালান, তবে এটি হবে ১৯৬২ সালের ঐতিহাসিক ‘মিসাইল সংকটের’ পর দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা দাবি করেছেন যে ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন, তবে মাঠপর্যায়ের প্রস্তুতি ভিন্ন কথা বলছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে উত্তজনা শুরুর আগে কিউবা ছিল ট্রাম্পের মূল লক্ষ্য। এখন পুনরায় সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন