বিধানসভা নির্বাচন, কে আসছেন নেতৃত্বে?

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ণ
বিধানসভা নির্বাচন, কে আসছেন নেতৃত্বে?

আন্তর্জাতিক ডেস্ক: বুথফেরত জরিপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বড় জয়ের পূর্বাভাস দিলেও, গণনার বাস্তব চিত্র এখন পর্যন্ত ভিন্ন কথা বলছে। ভারতীয় সংবাদমাধ্যম NDTVPTI-এর তথ্যমতে, বিজেপি বর্তমানে ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে সরকার গঠনের ম্যাজিক ফিগার হলো ১৪৮। বর্তমান ট্রেন্ড বজায় থাকলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ১০৫টি আসনে এগিয়ে থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। অথচ বুথফেরত জরিপে তাদের ২৩০টির বেশি আসন পাওয়ার কথা বলা হয়েছিল। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই দাবি করেছেন যে বিজেপিই রাজ্যে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে।

আসামেও বিজেপি এগিয়ে রয়েছে। তবে দক্ষিণ ভারতে কেরালায় বাম দুর্গের পতন ঘটিয়ে কংগ্রেস জোট (UDF) ক্ষমতায় আসার পথে। আর তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল বড় চমক দেখিয়ে প্রায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে। বিকেল ৪টার মধ্যে চূড়ান্ত জয়-পরাজয়ের চিত্র প্রায় পরিষ্কার হয়ে যাবে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে রাত হতে পারে।

নির্বাচন কমিশন ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সিসিটিভি ক্যামেরা ও কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় গণনা চলছে। কেবল কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র থাকলেই গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলছে।

শেষ পর্যন্ত কি বিজেপি তাদের প্রথম ঐতিহাসিক জয় পাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রত্যাবর্তনের কোনো ‘ম্যাজিক’ দেখাবে—সেদিকেই এখন নজর পুরো বিশ্বের।

মন্তব্য করুন