নাইজারে বিমানবন্দরে সশস্ত্র হামলায় নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে আল-কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এই হামলার দায় স্বীকার করেছে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সশস্ত্র জঙ্গিরা ট্যাক্সিতে করে বিমানবন্দরের নিরাপত্তা চৌকিতে এসে অতর্কিত গুলি ও বিস্ফোরণ ঘটায়। হামলার পর কয়েক ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র লড়াই চলে। বিমানবন্দর এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেশটির বিমান বাহিনীর ঘাঁটি এবং সাহেল অঞ্চলের যৌথ সামরিক বাহিনীর সদর দপ্তর অবস্থিত।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলায় ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিকসহ মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন। পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী ২২ জন হামলাকারীকে নিবৃত্ত করতে সক্ষম হয়। এছাড়া প্রায় ২০ জন সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় জঙ্গিদের কাছ থেকে আরপিজি-৭, একে-৪৭ রাইফেল, গ্রেনেড ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
হামলার পরপরই বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরটি বর্তমানে পুরোপুরি নিরাপদ এবং নিয়মিত বিমান চলাচল অব্যাহত রয়েছে। গত জানুয়ারিতেও একই বিমানবন্দরে একটি হামলার ঘটনা ঘটেছিল, যার দায় স্বীকার করেছিল আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠী। বর্তমান হামলাটি সাহেল অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিরতারই বহিঃপ্রকাশ বলে বিশ্লেষকরা মনে করছেন।
জান্নাত সকালবেলা
|