যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা-হুমকি, আতঙ্কে মুসলিমরা

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা-হুমকি, আতঙ্কে মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ (ইসলামোফোবিয়া) ও মসজিদের ওপর হামলা-হুমকির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর বৃহত্তম মসজিদে ডানপন্থী উগ্রবাদীদের বন্দুক হামলায় একজন নিহত হওয়ার পর দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও তীব্র হয়েছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) জানিয়েছে, ২০২৪ সালে তারা মুসলিমদের বিরুদ্ধে রেকর্ড ৮ হাজার ৬৫৮টি বিদ্বেষমূলক অভিযোগ পেয়েছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবং সাম্প্রতিক রাজনৈতিক নেতাদের মুসলিমবিদ্বেষী বক্তব্যের কারণে এই প্রবণতা আরও বেড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত চার বছরে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্য, যেখানে ৪৪টি ইসলামবিদ্বেষী ঘটনা ঘটেছে। এছাড়া সম্প্রতি কানেকটিকাট ও মিশিগানের দুটি মসজিদেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে।

ক্রমবর্ধমান এই হুমকির মুখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপাসনালয়ে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগসহ কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এই কঠিন পরিস্থিতিতে স্থানীয় অমুসলিম প্রতিবেশীদের সংহতি ও সমর্থন মুসলিম সম্প্রদায়কে আশাবাদী করে তুলছে। অনেক মসজিদ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ভয় পেয়ে তারা তাদের সামাজিক ও ধর্মীয় উন্মুক্ত কর্মসূচি বন্ধ করবে না।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন