দুর্নীতির অভিযোগে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ‘মোল্ডএটিএসএ’ (MoldATSA)-কে ঘিরে সৃষ্ট তীব্র রাজনৈতিক বিতর্ক ও দুর্নীতির সংকটের মুখে পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুনতিয়ানু।
আজ শুক্রবার (৩ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর এই আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই পদত্যাগের সাথে সাথে দেশটির পুরো সরকারই ভেঙে গেছে। তুরস্কের সংবাদমাধ্যম ‘আনাদোলু এজেন্সি’ এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে প্রধানমন্ত্রী মুনতিয়ানু বলেন, নিজের ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে আপস করে তিনি আর রাষ্ট্রীয় এই সর্বোচ্চ দায়িত্ব পালন করতে চান না।
তিনি তাঁর পোস্টে লিখেন, “প্রধানমন্ত্রীর দায়িত্ব আমি অত্যন্ত গভীর দায়িত্বশীলতার সঙ্গে গ্রহণ করেছিলাম এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম যে দেশের ইতিবাচক পরিবর্তনে বড় অবদান রাখতে পারব। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন বুঝলাম আমার ব্যক্তিগত নীতি ও বিশ্বাস অনুযায়ী আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, তখন সসম্মানে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
মলদোভার সাংবিধানিক কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে পুরো মন্ত্রিসভা ও সরকার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। তবে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠিত হওয়ার আগ পর্যন্ত মুনতিয়ানুর সরকারই অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার সরকার হিসেবে রুটিন দায়িত্ব পালন করবে।
সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বিমান চলাচল সংস্থা ‘মোল্ডএটিএসএ’-র শীর্ষ কর্মকর্তাদের বেআইনি নিয়োগ, অব্যবস্থাপনা ও উচ্চপর্যায়ের দুর্নীতি নিয়ে ওঠা অভিযোগকে কেন্দ্র করে মলদোভার রাজনীতিতে তীব্র অসন্তোষ ও সংকট তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্দু সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ‘সাধারণ শুদ্ধি অভিযান’ ও ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবার (২ জুলাই) মলদোভার পার্লামেন্ট রাষ্ট্রীয় মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা খতিয়ে দেখতে একটি বিশেষ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি মূলত শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া, পরিচালনা পর্ষদের গঠন এবং একই ব্যক্তি একাধিক সরকারি গুরুত্বপূর্ণ লাভজনক প্রতিষ্ঠানে একচেটিয়া দায়িত্ব পালন করেছেন কি না—তা গভীরভাবে খতিয়ে দেখবে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ল্যান্ডলকড রাষ্ট্র মলদোভা বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ সদস্যপদপ্রার্থী দেশ হিসেবে নিজেদের প্রশাসনিক সংস্কারে জোর দিচ্ছে।
সূত্র: আনাদোলু ও ব্লুমবার্গ
এআইএল/সকালবেলা
|