সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার বৈঠক ঘিরে গুঞ্জন; দল বাঁচাতে কী কংগ্রেসে ফিরছেন মমতা?

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার বৈঠক ঘিরে গুঞ্জন; দল বাঁচাতে কী কংগ্রেসে ফিরছেন মমতা?
সোনিয়া গান্ধী ও মমতা বন্দোপাধ্যায়। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরছেন? ১৯৯৭ সালে কংগ্রেস ত্যাগ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) গঠন করেছিলেন পশ্চিমবঙ্গের টানা তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র এক সপ্তাহ আগেও যে বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের দূরতম কল্পনাতেও ছিল না, আজ তা নয়াদিল্লির রাজনৈতিক অলিন্দে এক তীব্র জল্পনায় রূপ নিয়েছে। তবে চূড়ান্ত কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত এই সম্ভাবনার গায়ে একটি প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে।

রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। এক নজিরবিহীন ঘটনাক্রম নয়াদিল্লির গণমাধ্যমে এই আলোচনার হাওয়া আরও গরম করে তুলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে নিজের বিধায়কদের কাছ থেকে এক পূর্ণাঙ্গ বিদ্রোহের মুখে পড়েছেন মমতা। মার খাচ্ছেন তার দলের কাউন্সিলর ও স্থানীয় নেতারা। অথচ রাজ্যের এই চরম সংকটের সময়েও মমতা অবস্থান করছেন দিল্লিতে।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বৈঠকে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার একান্ত বৈঠক হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে প্রথম। জানা গেছে, তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ‘তৃণমূলের ভবিষ্যৎ এবং জোটের রাজনীতি’। এরপর আজ বুধবার (১০ জুন) রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাতেই মমতার আবারও সোনিয়ার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পশ্চিমবঙ্গে ক্ষমতার হাতবদল ও দলের ভেতরে বিদ্রোহ: টানা ১৫ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মমতা। কিন্তু গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর সবকিছু এক ঝটকায় বদলে গেছে। পশ্চিমবঙ্গে এবার আছড়ে পড়েছে প্রবল ‘বিজেপি ঝড়’। ফলে ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় তৃণমূল মাত্র ৮০টি আসনে সংকুচিত হয়ে পড়েছে।

এই বিপর্যয় সামনে আসতেই দলের নেতৃত্ব, বিশেষ করে অভিষেকের বিরুদ্ধে তীব্র অভ্যন্তরীণ বিদ্রোহ শুরু হয়। শতাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬০ জনেরও বেশি বিধায়ক মমতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন। অন্যদিকে কাকলী ঘোষ দস্তিদার দাবি করেছেন যে, তৃণমূলের ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনেরও বেশি তাদের শিবিরে রয়েছেন এবং তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

কলকাতা হাইকোর্টে আইনি লড়াই শুরু করলেও শিবসেনা এবং এনসিপি ভাঙনের সাম্প্রতিক নজিরগুলো থেকে মমতা ভালো করেই জানেন যে, আইনি পথে দল বাঁচাতে পারার সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে তৃণমূলের এই কংগ্রেস-সংযুক্তির জল্পনায় জল ঢেলে দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাদের টির বেশি বিধায়ক এবং ২০ জন সংসদ সদস্য কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার এই পদক্ষেপকে কোনোভাবেই সমর্থন করবেন না।

এই পরিস্থিতিতে মমতার প্রাপ্তি কী? নয়াদিল্লির প্রবীণ সাংবাদিকদের সূত্র অনুযায়ী, কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধী মমতাকে দুটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। একটি হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের জাতীয় সহ-সভাপতি করা হবে। অপরটি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদকের পদ। এর বিপরীতে অভিষেকের পক্ষ থেকেও কিছু প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো মমতাকে রাজ্যসভায় পাঠানো এবং মল্লিকার্জুন খাড়গের পরিবর্তে তাকে উচ্চকক্ষের বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা।

প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিকরা মনে করছেন, কংগ্রেস থেকে বেরিয়ে আসা আঞ্চলিক দলগুলোর এখন আবার মূল দল বা ‘মাদারশিপ’-এ ফিরে আসাই অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়। তবে আজীবন লড়াকু হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নিজের দলটির স্বতন্ত্র অস্তিত্ব বিসর্জন দেওয়া মোটেও সহজ নয়। নিজের রাজনৈতিক অস্তিত্ব এবং পরিবারের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে তিনি কী সিদ্ধান্ত নেন, তা আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে/ আর এইচ

মন্তব্য করুন