বিধানসভা নির্বাচন: বড় জয়ের পথে বিজেপি

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বিধানসভা নির্বাচন: বড় জয়ের পথে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করে সরকার গঠনের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া গণনায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, বিজেপি ১৮৬টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে।

বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী আজ সকালেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, এই রাজ্যে এবার বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১৪৮ (মোট ২৯৪ আসনের মধ্যে)। বর্তমান ট্রেন্ড বজায় থাকলে বিজেপি অনায়াসেই সেই সংখ্যা পার করে যাবে।

পশ্চিমবঙ্গের হাই-ভোল্টেজ আসন ভবানীপুর নিয়ে সবার নজর রয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াই নিয়ে এখনো চূড়ান্ত ফল জানা যায়নি। তবে সামগ্রিক ফলে বিজেপির এই বড় ব্যবধানে এগিয়ে থাকা তৃণমূল শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা শুরু হবে। বিজেপি সমর্থকরা ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয় উল্লাস শুরু করেছেন। অন্যদিকে, ফলাফল নিয়ে এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের এই গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর নির্বাচন ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও গভীর আগ্রহ তৈরি হয়েছে।

মন্তব্য করুন