চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮২

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮২

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের চাংঝি শহরের ‘লিউশেনইউ’ কয়লা খনিতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাস সিলিন্ডার বা মিথেন গ্যাস জমে ঘটা এই আকস্মিক বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৮২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কিছু খনি শ্রমিক। 

আজ শনিবার (২৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো চীনা প্রশাসনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় উদ্ধারকারী ও খনি কর্তৃপক্ষ জানায়, গত কাল শুক্রবার (২২ মে) সন্ধ্যায় শানসি প্রদেশের লিউশেনইউ কয়লা খনির ভেতরে অতিরিক্ত মিথেন ও কার্বন মনোক্সাইড গ্যাস জমে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় খনির ভূগর্ভে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

বিস্ফোরণের প্রাথমিক পর্যায়ে মাত্র ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল এবং বাকিদের আটকা পড়ার কথা বলা হয়। তবে রাতভর এবং আজ শনিবার দিনভর চালানো উদ্ধার অভিযানে খনির গভীর থেকে একের পর এক নিথর দেহ বের করে আনা হয়। ফলে সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা এক লাফে বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে।

চীনা সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর থেকে এখনো বেশ কয়েকজন খনি শ্রমিক নিখোঁজ বা মাটির নিচে আটকা রয়েছেন। নিখোঁজদের জীবিত উদ্ধারে খনি এলাকায় শত শত উদ্ধারকর্মী এবং বিশেষ মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। তবে খনির ভেতরের অন্ধকার সুড়ঙ্গে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা তীব্র থাকায় উদ্ধারকাজ চালাতে চরম বেগ পেতে হচ্ছে।

এদিকে কয়লা খনির এই ভয়াবহ দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গভীর শোক প্রকাশ করেছেন এবং খনিতে আটকা পড়া বাকিদের উদ্ধারে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে দেশটির খনি নিরাপত্তা প্রশাসন।

চীনা কর্মকর্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, খনির নিরাপত্তা বিধিমাল্লায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।

সূত্র: জিও নিউজ। 

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন