লেবাননে হিজবুল্লাহর পেতে রাখা বোমায় ইসরাইলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পেতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে আলেকজান্ডার ফিলিন (২৯) নামে এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে ইসরাইলি সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, নিহত আলেকজান্ডার ফিলিন হাইফা শহরের বাসিন্দা ছিলেন এবং তিনি ৩৬তম ডিভিশনের সদর দপ্তরে কর্মরত ছিলেন। বুধবার (১৭ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লিতানি নদীর তীর ধরে টহল দেওয়ার সময় ৩৬তম ডিভিশনের উপ-কমান্ডার ও তার টিমসহ সেনারা এই বিস্ফোরণের শিকার হন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আহতদের মধ্যে ৩৬তম ডিভিশনের উপ-কমান্ডার (কর্নেল পদমর্যাদা), ৫৫৬তম ট্রান্সপোর্ট রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার (লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা) রয়েছেন। তাদের অবস্থা মাঝারি ধরনের গুরুতর। এছাড়াও একজন সক্রিয় সেনা, দুইজন রিজার্ভ সেনা এবং একজন নারী সেনাসদস্য হালকা আহত হয়েছেন। বর্তমানে সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে এটি হিজবুল্লাহর পেতে রাখা বিস্ফোরক ডিভাইস বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই ওই এলাকায় পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে আইডিএফ।
জান্নাত সকালবেলা
|