আয়ারল্যান্ডে ইসরাইলি পণ্য নিষিদ্ধ

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ
আয়ারল্যান্ডে ইসরাইলি পণ্য নিষিদ্ধ

বিশেষ প্রতিবেদক: অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে নির্মিত অবৈধ ইহুদি বসতি এলাকার সমস্ত পণ্য আমদানি নিষিদ্ধ করে একটি ঐতিহাসিক বিল অনুমোদন করেছে আয়ারল্যান্ডের পার্লামেন্ট। ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিল পাসের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইসরাইলের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বিরুদ্ধে অন্যতম কঠোর বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করল ডাবলিন। বিলটি এখন চূড়ান্ত ও আনুষ্ঠানিক অনুমোদনের জন্য আয়ারল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষে (সিনেট) পাঠানো হয়েছে।

‘ইসরাইলি বসতি’ শীর্ষক এই নতুন আইনের আওতায় ইসরাইলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার বাইরে গড়ে ওঠা ইহুদিদের আবাসিক, কৃষি খামার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উৎপাদিত কোনো পণ্য আয়ারল্যান্ডে প্রবেশ করতে পারবে না। আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে আইনগতভাবে এমন নিষেধাজ্ঞার প্রস্তাব করলেও, এর আগে গত বছরের অক্টোবরে স্পেন এই ধরনের আমদানি বিধিনিষেধের একটি আংশিক প্যাকেজ বাস্তবায়ন করেছিল।

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আয়ারল্যান্ডের এই আমদানি নিষেধাজ্ঞা মূলত একটি প্রতীকী প্রতিবাদ এবং এর বাণিজ্যিক প্রভাব খুবই সামান্য। কারণ, ২০২০ থেকে ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ওই সব বিতর্কিত অঞ্চল থেকে আয়ারল্যান্ডে আমদানিকৃত ফল, শাকসবজি, ওয়াইন ও কাঠের মতো পণ্যের মোট বার্ষিক মূল্য এক মিলিয়ন ইউরোরও (১১ লাখ ডলার) কম ছিল।

তবে ডাবলিনের বিরোধীদলীয় রাজনীতিকরা বিলটির সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করেছেন। তাদের মতে, এতে তথ্যপ্রযুক্তি ও সেবাক্ষেত্রের (সার্ভিস সেক্টর) বাণিজ্যকে অন্তর্ভুক্ত না করে শুধু দৃশ্যমান পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় আইনটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। এর জবাবে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, সেবাক্ষেত্রে বাণিজ্য নিষিদ্ধ করার বিষয়টি আইনি দিক থেকে পণ্যের চেয়ে অনেক বেশি জটিল। তাই আইনটি মাঠপর্যায়ে কার্যকর করার আগে এটিকে পুরোপুরি নিশ্ছিদ্র করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের বর্বরোচিত সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ইউরোপের বুকে ইসরাইলের অন্যতম কট্টর সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে আয়ারল্যান্ড। এমনকি ২০২৪ সালে দেশটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে। এর জের ধরে ক্ষুব্ধ ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ‘চরম ইসরাইলিবিরোধী নীতির’ অভিযোগ তুলে ডাবলিনে অবস্থিত ইসরাইলি দূতাবাস বন্ধের নির্দেশ দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন