হিজাব না পরে গান, ইরানে গায়িকাকে ৭৪ বার চাবুক মারার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: হিজাব না পরে ইউটিউবে গান পরিবেশন করায় পারাস্তো আহমাদি নামে ইরানের এক সংগীতশিল্পী ও তার সাত সহযোগীকে ৭৪ বার করে চাবুক মারার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সংবাদমাধ্যম ও এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি লাইভ কনসার্ট করেছিলেন পারাস্তো আহমাদি। সেই কনসার্টে তার সঙ্গে ছিলেন একজন পিয়ানো বাদক, ড্রামার, গিটারিস্ট এবং বেসিস্ট। ভিডিওটিতে কোনো দর্শক উপস্থিত ছিল না, তবে এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে প্রায় ৩০ লাখ মানুষ দেখেন। এরপরই ২০২৪ সালে আহমাদি ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়, যদিও পরবর্তীতে তারা জামিনে মুক্তি পান।
কোমের প্রাদেশিক অপরাধ আদালত তাদের বিরুদ্ধে ‘ইন্টারনেটে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট তৈরি ও প্রকাশ করে শালীনতা ভঙ্গ করা’র অভিযোগ আনে। ইরানের আইন অনুযায়ী, নারীদের জনসমক্ষে গান গাওয়া নিষিদ্ধ এবং মাথায় স্কার্ফ বা হিজাব পরা বাধ্যতামূলক। এই আইন লঙ্ঘনের দায়েই তাদের এই কঠোর দণ্ড দেওয়া হয়েছে।
আহমাদির ভিডিওগ্রাফার তাহমিনে মোনজাভি ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, গত দুই বছর ধরে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ রাখা হয়েছে এবং দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার চাবুক মারার এই রায় তাদের জীবনের ওপর নতুন আঘাত হয়ে এসেছে।
ইরানে সংগীত ও শিল্পচর্চার ওপর এই ধরনের কঠোর বিধিনিষেধ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
জান্নাত সকালবেলা
|