যুক্তরাষ্ট্র ‘পরস্পরবিরোধী বার্তা’ পাঠাচ্ছে; আলোচনা জটিল করার অভিযোগ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ‘পরস্পরবিরোধী বার্তা’ দিয়ে বিদ্যমান আলোচনাকে জটিল করে তুলছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (১৫ মে) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক অনুষ্ঠানে তিনি ওয়াশিংটনকে এই পরিস্থিতির জন্য দায়ী করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ওয়াশিংটনের অস্পষ্ট বার্তার কারণে শান্তি বা সমঝোতার পথ কঠিন হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে তিনি দাবি করেন, তেহরান এই যুদ্ধ শুরু করেনি বরং তারা কেবল আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে। বর্তমান পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রসঙ্গে আরাগচি জানান, এই জলপথ বর্তমানে কেবল ‘বন্ধু দেশগুলোর’ জাহাজের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে শর্ত হিসেবে এসব দেশের জাহাজকে চলাচলের সময় অবশ্যই ইরানি কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে। তিনি পরিষ্কার করে বলেন, হরমুজ প্রণালীতে সৃষ্ট কোনো বিশৃঙ্খলার দায় ইরানের ওপর বর্তায় না।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব এবং ইরানের ওপর সামরিক চাপের প্রেক্ষাপটে আরাগচির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেহরান মূলত এটি বুঝিয়ে দিতে চাইছে যে, তারা আলোচনার জন্য প্রস্তুত থাকলেও ওয়াশিংটনের দিক থেকে স্বচ্ছ ও সুনির্দিষ্ট অবস্থানের অভাব রয়েছে।
|