ভারতের প্রতিরক্ষা বহরে যুক্ত হলো নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) কর্তৃক প্রস্তুতকৃত এই বিমানটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক এমব্রয়ার ইআরজে-১৪৫ রাডার সিস্টেম এবং এসা (AESA) সেন্সর। ডিআরডিও-এর তথ্যমতে, নেত্র ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরত্বের যেকোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ট্র্যাক করতে সক্ষম। এছাড়া ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বা বৈদ্যুতিক বুদ্ধিমত্তার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে সরাসরি স্থলবাহিনীর কাছে লাইভ ডেটা পৌঁছে দিতে পারে এই বিমান।
সামরিক বিশেষজ্ঞরা জানান, নেত্র’র নজরদারির পরিধি ২৪০ ডিগ্রি, যা একে আকাশপথে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে। ইসরায়েলের তৈরি ‘ফ্যালকন’ অ্যাওয়াকস বিমানের প্রযুক্তির সঙ্গে এর অনেক মিল রয়েছে। উল্লেখ্য, ভারত এর আগে ৮,১০৭ কোটি টাকা ব্যয়ে ইসরায়েল থেকে তিনটি ফ্যালকন কিনেছিল, যা ২০১৯ সালে পাকিস্তানের বালাকোট অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
প্রতিরক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নেত্র’র অন্তর্ভুক্তি ভারতের আকাশসীমার নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামরিক অভিযানে পরীক্ষামূলকভাবে এই বিমানের কার্যকারিতা যাচাই করা হয়েছে, যা সফল হয়েছে বলে জানা গেছে। এটি ভারতের ক্রমবর্ধমান সামরিক আত্মনির্ভরতার পথে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
|