মোদির ভিডিও ব্লক: জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
মোদির ভিডিও ব্লক: জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার ঘটনায় মার্কিন টেক জায়ান্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের সময়সীমা বা চরম আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক শক্তিশালী সংসদীয় কমিটি।

গত ২৩ জুলাই অনুষ্ঠিত প্রশ্নপত্র ফাঁস রোধ ও দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী মোদির একটি বিশেষ সেলফি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে ব্লক বা সীমাবদ্ধ করে রেখেছিল মেটা। যদিও পরবর্তীতে প্রযুক্তিগত সমালোচনার মুখে ভিডিওটি সচল করা হয়, তবে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

আজ বুধবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি নির্ধারিত ৩ দিনের মধ্যে লিখিত ক্ষমা চাওয়া এবং এই কাণ্ডের পেছনে দায়ী দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে।

কমিটির পক্ষে নিশিকান্ত দুবে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নির্ধারিত মেয়াদের মধ্যে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে মেটাকে ভারতীয় আইনে প্রদত্ত ‘সেফ হারবার’ (তৃতীয় পক্ষের কনটেন্টের দায়িত্ব থেকে প্ল্যাটফর্মকে দেওয়া আইনি সুরক্ষা) সুবিধা বাতিল করা হবে। সরকারের সবুজ সংকেত পেলে এই সুযোগ তুলে নিয়ে জাকারবার্গসহ মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি ভারতীয় দণ্ডবিধিতে প্রথম তথ্য বিবরণী (এফআইআর) দায়ের করা হবে।

ঘটনার পর মেটার পক্ষ থেকে কারিগরি ত্রুটি বা 'টেকনিক্যাল গ্লিচ'-এর যুক্তি দেখিয়ে দুঃখপ্রকাশ করা হলেও, ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই সাফাইকে অবৌক্তিক এবং অগ্রহণযোগ্য হিসেবে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংসদীয় কমিটি এই পুরো ঘটনাটিকে ‘ভারতের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত’ হিসেবে বর্ণনা করেছে।

পাশাপাশি, ভারতে পরিচালিত এক্স (সাবেক টুইটার), গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো বিশ্বখ্যাত যোগাযোগ মাধ্যমগুলোকে শিশুদের প্রতি যৌন নিপীড়ন ও এআই দিয়ে তৈরি বিকৃত কনটেন্ট নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণের কড়া বার্তা দেওয়া হয়েছে।

জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য বিশ্লেষণ করে কমিটি হুঁশিয়ারি দিয়েছে, ভারতীয় আইনশৃঙ্খলা ও শিশু সুরক্ষা আইন অমান্য করলে এসব বৈশ্বিক প্ল্যাটফর্মের বিরুদ্ধেও সরাসরি কঠোর মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন