প্রশান্ত মহাসাগরে ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী হারিকেন ‘পোলো’

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
প্রশান্ত মহাসাগরে ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী হারিকেন ‘পোলো’

অনলাইন ডেস্ক: গত কয়েক দশকের মধ্যে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট অন্যতম ভয়ংকর ও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হারিকেন ‘পোলো’। মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলের পাশ দিয়ে অতিক্রম করার সময় এটি শক্তি সঞ্চয় করে সবচেয়ে সর্বোচ্চ মাত্রার ‘ক্যাটাগরি-৫’ হারিকেনে রূপ নিয়েছে।

মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) মায়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত করে চরম সতর্কতা জারি করা হয়েছে।

সংস্থাটির বিশেষ অনুসন্ধানকারী বিমান 'হারিকেন হান্টার' মঙ্গলবার পোলোর অভ্যন্তরে প্রবেশ করে ঘণ্টায় ১৮০ মাইল (প্রায় ২৮৫ কিলোমিটার) বেগে বাতাসের গতি রেকর্ড করেছে। দমকা বাতাসের গতি ছিল এর চেয়েও বেশি। জলবায়ুর বিশেষ পরিবর্তন ও রেকর্ড ‘এল নিনো’ পরিস্থিতির কারণে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টি এতটা ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে।

চলতি মৌসুমে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এটি তৃতীয় ক্যাটাগরি-৫ হারিকেন। যুক্তরাষ্ট্রের এনওএএ-র পূর্বাভাস অনুযায়ী, হারিকেন পোলো সরাসরি মেক্সিকোর ভূখণ্ডে আঘাত না হেনে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে উপকূলে এর প্রভাবে একটানা ভারী বৃষ্টিপাত, উত্তাল সামুদ্রিক ঢেউ এবং পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। অনেক এলাকায় ৬ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম উপকূলবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে জালিস্কো, কলিমা এবং মিচোয়াকান রাজ্যকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করে আগাম প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন