ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ভূখণ্ডে দফায় দফায় বিমান হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে তেহরান। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
রুশ সংবাদ সংস্থা তাস এবং আল হাদাথ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই বিশাল ক্ষেপণাস্ত্র বহরের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণ অঞ্চল। ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি ও কান ফাটানো সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে সাধারণ মানুষকে ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তাদের রাডারে শনাক্ত হয়েছে এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (আয়রন ডোম ও অ্যারো) এগুলো প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর এটিই তেহরানের সবচেয়ে বড় পাল্টা আঘাত। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা এবং বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হওয়ার পর তেহরান ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার অঙ্গীকার করেছিল। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করতে পারে।
এদিকে, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই হামলায় তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো আগেই জানিয়েছিল যে, ইরান বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ