হরমুজ প্রণালি নিয়ে ইরানের কঠোর হুঁশিয়ারি

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
হরমুজ প্রণালি নিয়ে ইরানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’-কে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনাকে সরাসরি ‘হস্তক্ষেপ’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

রোববার (৩ মে ২০২৬) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প ঘোষণা করেন যে, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরার মাধ্যমে মুক্ত করে আনা হবে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। ট্রাম্পের দাবি, অনেক দেশ তাদের বাণিজ্যিক জাহাজ উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। বাংলাদেশ সময় আজ সোমবার রাত থেকেই এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি কড়া পোস্ট দেন। তিনি লেখেন, “হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা করা হবে।”

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর তেহরান এই প্রণালিতে অবরোধ জারি করে। ফলে শতাধিক বাণিজ্যিক জাহাজ সেখানে আটকা পড়ে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যকর করার চেষ্টা করলে ইরানি বাহিনীর সঙ্গে মার্কিন নৌবাহিনীর সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে। যেখানে ইতোমধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, সেখানে ট্রাম্পের এই পদক্ষেপ নতুন করে বড় আকারের যুদ্ধ উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের জ্বালানি বাজারের ওপর এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে। সবার নজর এখন সোমবার রাতের সেই ‘প্রজেক্ট ফ্রিডম’-এর দিকে, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আমূল বদলে দিতে পারে।

মন্তব্য করুন