ফ্রান্সে সংগীত উৎসবে মদ্যপান নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশজুড়ে আয়োজিত জনপ্রিয় সংগীত উৎসব ‘ফেত দ্য লা মুসিক’-এ মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করেছে ফরাসি কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
ফ্রান্সের ৩৫টি বিভাগে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর কার্যালয় জানিয়েছে, স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাতে এবং চিকিৎসকরা যেন ঝুঁকিপূর্ণ মানুষের সেবায় মনোযোগ দিতে পারেন, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেড অ্যালার্টের আওতাভুক্ত সব এলাকায় রাষ্ট্রীয় বা সংস্থার আয়োজনে যেকোনো অনুষ্ঠানে মদ্যপান না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রোববার ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা কিছু এলাকায় ৪১ ডিগ্রি পর্যন্ত যেতে পারে। সোমবার তাপমাত্রা ঐতিহাসিক রেকর্ডে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র এই গরমের কারণে ইতিমধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল এবং স্কুলগুলোর ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
মেটিও-ফ্রান্স জানিয়েছে, দেশের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এই তাপপ্রবাহের কবলে পড়তে পারে। জনজীবন স্বাভাবিক রাখতে এবং স্বস্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্যারিসের পার্ক ও বাগানগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর গ্রীষ্মের দীর্ঘতম দিনে অনুষ্ঠিত ‘ফেত দ্য লা মুসিক’ উৎসবে লাখ লাখ মানুষ অংশ নেন। গত বছর শুধুমাত্র প্যারিসেই এই উৎসবে প্রায় ২০ লাখ মানুষের সমাগম হয়েছিল।
জান্নাত সকালবেলা
|