জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর জার্মানির স্টাডে শহরের একটি যুব কেন্দ্রে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি গুলিবর্ষণের এই বর্বরোচিত হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ঘটনার পর পরই দ্রুত অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন মূল সন্দেহভাজন বন্দুকধারী বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহতদের বয়স কিংবা কী কারণে বা কী উদ্দেশ্যে এই নৃশংস হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি দেশটির প্রশাসন।
স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুব কেন্দ্রে চালানো ওই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পুরো এলাকাটি পুলিশ ও বিশেষ বাহিনী ঘিরে ফেলে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো বড় নিরাপত্তা ঝুঁকি নেই বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তবে সতর্কতাস্বরূপ এবং তদন্তের স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বর্তমানে দুর্ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
হামলা হওয়া স্টাডে শহরটি জার্মানির হামবুর্গের পশ্চিমে অবস্থিত, যেখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। এমন শান্ত ও আবাসিক এলাকায় এমন আকস্মিক ও ভয়াবহ হামলার ঘটনায় পুরো জার্মানিজুড়ে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: বিবিসি
এআইএল/সকালবেলা
|