মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত সব ধরনের আমদানির ওপর ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। একইসঙ্গে এই আদেশে বলা হয়েছে, মামলাকারী আমদানিকারকদের কাছ থেকে এ পর্যন্ত আদায় করা শুল্কের অর্থ ফেরত দিতে হবে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর করা যাবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আদালতের এই রায়কে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির ওপর বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের রায়ে জানানো হয়েছে, ১৯৭৪ সালের ট্রেড (বাণিজ্য) আইন অনুসারে প্রেসিডেন্টের এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই। আদালত স্পষ্ট করেছে, সরকার বাণিজ্য ঘাটতির যে পরিস্থিতির কথা উল্লেখ করে এই শুল্ক আরোপ করেছিল, তা এমন পর্যায়ে পৌঁছায়নি যা এই ধরনের ঢালাও শুল্ককে বৈধতা দিতে পারে। আইন অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার ক্ষমতা রাখলেও, বর্তমান ক্ষেত্রে সেই শর্তগুলো পূরণ হয়নি বলে আদালত অভিমত দিয়েছে।
আদালতের এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর ক্ষেত্রেই কার্যকর হবে। তাদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, অন্য আমদানিকারকদের জন্য এই শুল্ক আগামী জুলাই পর্যন্ত বহাল থাকতে পারে। তবে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায়ের ফলে ভবিষ্যতে অন্যান্য আমদানিকারকরাও শুল্ক ফেরতের দাবিতে আইনি লড়াইয়ে নামার সুযোগ পাবেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জান্নাত/সকালবেলা