সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ সংকট

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ সংকট

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুইজারল্যান্ডে চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার সূচিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত নিয়ে একটি বিশেষ জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার থেকে এই আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরান কর্তৃক কৌশলগত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধের ঘোষণার কারণে তা বিলম্বিত হয়। ইরান অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ওয়াশিংটনের সঙ্গে তাদের স্বাক্ষরিত চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এর প্রতিবাদেই তারা হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।

সংশ্লিষ্ট এক কূটনীতিক জানিয়েছেন, ইসরায়েল-হিজবুল্লাহ ইস্যুটিকে বর্তমান আলোচনার একেবারে শুরুতে স্থান দেওয়া হয়েছে। তবে এই বিশেষ অধিবেশনে ইসরায়েল বা হিজবুল্লাহর কোনো সরাসরি প্রতিনিধি উপস্থিত থাকছেন না। মূলত সংকট প্রশমন ও বৃহত্তর সংঘাত এড়ানোর লক্ষ্যেই এই আলোচনা আয়োজন করা হয়েছে।

ইরানের সামরিক সদর দপ্তর ‘খাতাম-আল আম্বিয়া’ এক বিবৃতিতে জানিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা তাদের প্রস্তুত রয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর বরাতে জানা গেছে, সংকট আপাতত নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

সুইজারল্যান্ডে এই আলোচনার ফলাফলের দিকেই এখন পুরো মধ্যপ্রাচ্যের নজর।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন