তুরস্কে স্কুলে বন্দুক হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১০

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
তুরস্কে স্কুলে বন্দুক হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ বছর বয়সী এক নারী শিক্ষার্থীর মৃত্যুর পর এই সংখ্যা আপডেট করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) সংবাদ সংস্থা বাসস এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৫ এপ্রিল কাহরামানমারাস প্রদেশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোর পাঁচটি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ওই সময় ঘটনাস্থলেই ৯ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল আলমিনা আগাওগলু নামের ১১ বছরের এক শিক্ষার্থী। আজ তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ১০ জনে পৌঁছালো। হামলাকারী কিশোরও ঘটনার সময় মারা গিয়েছিল।

তদন্তে জানা গেছে, হামলাকারী কিশোরটি ছিল তুরস্কের একজন সাবেক পুলিশ পরিদর্শকের ছেলে। সে তার বাবার পাঁচটি আগ্নেয়াস্ত্র নিয়েই স্কুলে প্রবেশ করেছিল। এ ঘটনায় অবহেলার দায়ে ওই সাবেক পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির প্রশাসন।

কাহরামানমারাস প্রদেশের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সানলিউরফা প্রদেশে পৃথক আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সেখানে এক সাবেক শিক্ষার্থী নিজের পুরোনো হাই স্কুলে গুলি চালিয়ে ১৬ জনকে আহত করেছে। পুলিশের হাতে ধরা পড়ার আগেই হামলাকারী নিজে আত্মঘাতী হয়।

স্কুলে একের পর এক বন্দুক হামলার ঘটনায় তুরস্ক জুড়ে তীব্র জনরোষ সৃষ্টি হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার দেশটির উপ-শিক্ষামন্ত্রীকে পদ থেকে বরখাস্ত করেছেন। এছাড়া তুরস্ক সরকার বেসামরিক পর্যায়ে অস্ত্র মালিকানার ওপর কঠোর বিধিনিষেধ আরোপসহ নতুন আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাগুলো তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

মন্তব্য করুন