বলিভিয়ায় মুদ্রা বহনকারী সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

বলিভিয়ায় মুদ্রা বহনকারী সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দক্ষিণ আমেরিকার রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আরটি নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানান, নতুন ছাপানো নোট বহনকারী বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় কোনো এক কারণে বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে কাছাকাছি একটি মাঠে আছড়ে পড়ে। বিমানটি ভূমিতে আঘাত করার পর মুহূর্তেই সেটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উদ্ধারকর্মীরা এ ঘটনায় ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন