মধ্যপ্রাচ্য সংকট: আজই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্য সংকট: আজই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং মধ্যপ্রাচ্যের চরম অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে আজই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট

ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত ইরান ও সামগ্রিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ফ্রান্স এই জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল চীন ও ওমান। এবার ফ্রান্সের এই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিশ্বশক্তিগুলো বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, ইরানে হামলার পর থেকে তেহরান ও তেল আবিবের মধ্যে পাল্টাপাল্টি হুমকির মুখে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার ও নিরাপত্তা ব্যবস্থায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন