পাকিস্তানে ভয়াবহ হামলা; বোমা ও গুলিতে ১২ পুলিশ সদস্য নিহত

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ
পাকিস্তানে ভয়াবহ হামলা; বোমা ও গুলিতে ১২ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও পরবর্তী গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৯ মে) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এই জেলাতে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায় পুরো চৌকিটি ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর সহায়তার জন্য আসা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত অ্যাম্বুশ করে সন্ত্রাসীরা। ওই সময় তাদের ছোড়া গুলিতেই মূলত হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই হামলায় সন্ত্রাসীরা ড্রোনের ব্যবহারও করেছে। গাড়ি বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের বেসামরিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সশস্ত্র গোষ্ঠী ‘ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান’ ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাসে পাকিস্তানের এই সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে।

মন্তব্য করুন