‘প্রতিশোধের হাত ছাড়বে না’: খামেনি হত্যাকাণ্ডে আইআরজিসির হুঁশিয়ারি

‘প্রতিশোধের হাত ছাড়বে না’: খামেনি হত্যাকাণ্ডে আইআরজিসির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইআরজিসি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানি জাতির প্রতিশোধের হাত থেকে ঘাতকরা রেহাই পাবে না।’

আইআরজিসি তাদের শোকবার্তায় জানিয়েছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং এই বিয়োগান্তক ঘটনায় পুরো জাতি মুহ্যমান। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে তার শহীদ হওয়া এই মহান নেতার আমলনামার বৈধতা এবং জনগণের প্রতি তার আন্তরিক সেবার চূড়ান্ত স্বীকৃতি।’ উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী এই শীর্ষ নেতা। হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স।

সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরান সরকার ইতিমধ্যে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং শোক পালনের সুবিধার্থে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির প্রয়াণে পুরো ইরানে শোকের ছায়া নেমে এসেছে এবং রাজধানী তেহরানসহ বড় শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। আইআরজিসির এই কঠোর বার্তার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন