ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলমান তীব্র সংঘাতের প্রেক্ষাপটে অবিলম্বে ‘যুদ্ধবিরতি’ কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এই আহ্বান জানান। সংঘাতের ফলে সাধারণ মানুষের ওপর যে ভয়াবহ প্রভাব পড়ছে, তাতে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত এবং চার শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় আফগানিস্তানের পক্ষ থেকেও পাকিস্তানি সেনাসদস্যদের হতাহতের তথ্য জানানো হয়েছে। বর্তমানে সীমান্তজুড়ে দুই পক্ষের মধ্যেই উচ্চমাত্রার উত্তেজনা বিরাজ করছে।
দুই দেশের মধ্যকার এই সামরিক সংঘাত কূটনৈতিক উপায়ে সমাধানের তাগিদ দিয়ে গুতেরেস বলেন, সংঘাত বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দুই পক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চলমান এই পরিস্থিতির দিকে আন্তর্জাতিক মহল সতর্ক দৃষ্টি রাখছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ