মুম্বাই মেট্রোতে ‘বিড়াল কর্মকর্তা’ নিয়োগের মজার খবর

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
মুম্বাই মেট্রোতে ‘বিড়াল কর্মকর্তা’ নিয়োগের মজার খবর
মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের প্রবেশপথে বসে থাকা ভাইরাল বিড়ালটি।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি হালকা ও মজার অনুরোধ কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে, তার অনন্য দৃষ্টান্ত তৈরি হলো ভারতের মহারাষ্ট্র রাজ্য রাজধানী মুম্বাইয়ে।

মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের প্রবেশপথে নিয়মিত ঘুরে বেড়ানো একটি আদা (জিঞ্জার) রঙের বিড়ালকে কেন্দ্র করে নেটদুনিয়ায় এক মজার ঘটনার সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত যাত্রী ও নেটিজেনদের অনুরোধে সায় দিয়ে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড (এমএমএমওসিএল) বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ (Chief Feline Officer) বা ‘প্রধান মার্জার আধিকারিক’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মজার প্রস্তাব থেকে পদবি লাভ:

সম্প্রতি সন্দেশ সামন্ত নামের এক মেট্রো যাত্রী গুণ্ডাওয়ালি স্টেশনে নিশ্চিন্ত মনে বসে থাকা বিড়ালটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তিনি এমএমএমওসিএল-কে ট্যাগ করে লেখেন, "এই নিষ্পাপ প্রাণীটিকে মেট্রো স্টেশনের একটি সরকারি পদে নিয়োগ দেওয়া হোক, সে এতদিন ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছে।"

যাত্রীর এই অভিনব অনুরোধ অত্যন্ত রসিকতার সঙ্গে গ্রহণ করে মেট্রো কর্তৃপক্ষ। তারা অফিসিয়াল বার্তায় বিড়ালটিকে ‘চিফ ফেলাইন অফিসার’ পদে ভূষিত করে জানায়:

"এটি আমাদের নতুন চিফ ফেলাইন অফিসার। এর মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে স্টেশন চত্বর নিয়মিত পরিদর্শন করা, আসা-যাওয়া করা যাত্রীদের ওপর সতর্ক নজর রাখা এবং এমন সব জায়গায় বসে থাকা যেখানে সাধারণ মানুষ এসে তাকে দেখে মুগ্ধ হতে পারে। এ পর্যন্ত তার কাজের দক্ষতা একদম ‘পারফেক্ট’।"

সোশ্যাল মিডিয়ায় তোলপাড়:

বিড়াল কর্মকর্তা পাওয়ার পর থেকে মুম্বাইয়ের সাধারণ যাত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভালোবাসায় ভাসছে এটি। অনেকে মন্তব্য করেছেন, এখন থেকে সকালে গুণ্ডাওয়ালি স্টেশনে গেলে তারা আগে এই ‘বিড়াল কর্মকর্তা’কেই খুঁজবেন। আবার কেউ কেউ পরামর্শ দিয়ে লিখেছেন, কাজের স্বীকৃতিস্বরূপ তার নতুন পদবি হওয়া উচিত ‘চিফ মাউস ক্যাচার’ বা প্রধান ইঁদুর শিকারি।

মন্তব্য করুন