ট্রাম্পের দাবি নাকচ সিআইএ’র: মার্কিন অবরোধেও শক্তিশালী ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এক গোপন গোয়েন্দা রিপোর্টে সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ সত্ত্বেও ইরান আরও অন্তত ৩ থেকে ৪ মাস অনায়াসেই টিকে থাকতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াশিংটন পোস্ট' বৃহস্পতিবার (৭ মে ২০২৬) এই চাঞ্চল্যকর গোয়েন্দা মূল্যায়নের তথ্য ফাঁস করেছে।
গত বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ১৮-১৯ শতাংশে নেমে এসেছে। তবে সিআইএ-র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযানের ৭৫ শতাংশ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুতের ৭০ শতাংশ এখনো পুরোপুরি অক্ষত।
সিআইএ-র রিপোর্টে আরও বলা হয়েছে, ইরান তাদের ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারগুলো দ্রুত পুনরায় সচল করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, কঠোর অবরোধের মধ্যেও তারা নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে যাচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে হলে এই অবরোধ অন্তত ৯০ থেকে ১২০ দিন নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে। তবে মাঠপর্যায়ের অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ইরানের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা সিআইএ-র এই ধারণার চেয়েও অনেক বেশি হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে 'ইকোনমিক ফিউরি' বা অর্থনৈতিক তাণ্ডব হিসেবে বর্ণনা করলেও সিআইএ-র রিপোর্ট বলছে, যুদ্ধের ময়দানের বাস্তবতা ট্রাম্প প্রশাসনের প্রচারণার চেয়ে সম্পূর্ণ ভিন্ন।
এই গোয়েন্দা রিপোর্ট ফাঁসের ফলে যুদ্ধের ভবিষ্যৎ কৌশল এবং ট্রাম্প প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে খোদ ওয়াশিংটনেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।