পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৮০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৮০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি বিমান বাহিনীর এক জোরালো হামলায় ৮০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আফগানিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। 

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার প্রেক্ষাপটে এই সামরিক অভিযান চালানো হয়েছে। বিমান হামলায় সীমান্তবর্তী এলাকার অন্তত সাতটি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়।

এদিকে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পাকিস্তানি বাহিনীর এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী ভূখণ্ডে পাকিস্তানি সেনাবাহিনী পুনরায় আকাশপথে হামলা চালিয়েছে, যার ফলে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে। এই হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা একে আফগান ভূখণ্ডের ওপর স্পষ্ট লঙ্ঘন এবং অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। আফগান সরকারের দাবি, পাকিস্তানি বাহিনী বেসামরিক এলাকা ও ধর্মীয় স্থানে আক্রমণ চালিয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই এই লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। বর্তমানে ওই সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন