দক্ষিণ আফ্রিকায় বস্তিতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে একদল বন্দুকধারীর ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ক্লিভল্যান্ডের ওই বস্তিতে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে। হামলায় আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়ি থেকে ১০ জনেরও বেশি সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তি নেমে আসে। অভিযুক্তরা এরপর একাধিক পথে ওই বস্তিটিতে প্রবেশ করে। তারা এলাকাটি পার হওয়ার সময় বিভিন্ন স্থানে সাধারণ বাসিন্দা ও জনগোষ্ঠীর ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এবং দ্রুত একই গাড়িতে করে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ বিভাগ ও জরুরি চিকিৎসা পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১২ জনে। গুলিবিদ্ধ আহত ৯ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং সন্দেহভাজনদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বর্বরোচিত হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও জানা যায়নি এবং বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে। এর আগে গত বছরও জোহানেসবার্গের একটি পানশালায় অনুরূপ এক বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছিলেন।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডপ্রবণ দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম, যেখানে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। দেশটির বস্তি অঞ্চলগুলোতে গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিবাদের জেরে গোলাগুলি খুবই সাধারণ ঘটনা। সাউথ আফ্রিকান গান ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশটিতে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সমসংখ্যক অবৈধ বা লাইসেন্সবিহীন অস্ত্র রয়েছে।
|