ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের ফলে জ্বালানি সংকটে পড়েছে চীন। এ ঘাটতি কাটিয়ে উঠতে চীনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।
আজ বুধবার (১৫ এপ্রিল) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর আল জাজিরার। সের্গেই ল্যাভরভ বলেন, ‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে চীনের পিপলস রিপাবলিকসহ যেসব দেশ আমাদের সঙ্গে ন্যায্য ও পারস্পরিক লাভজনক উপায়ে কাজ করতে আগ্রহী, তাদের জ্বালানি ও সম্পদের ঘাটতি পূরণে রাশিয়া নিঃসন্দেহে সক্ষম।’
রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ককে ‘অটল’ উল্লেখ করে ল্যাভরভ বলেন, ‘বিশ্বের সব প্রতিকূলতার মাঝেও আমাদের সম্পর্ক অবিচল রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের মধ্যকার গভীর বন্ধন বিশ্বজুড়ে চলা বর্তমান অস্থিরতার মোকাবিলায় আমাদের দেশ দুটিকে উচ্চমাত্রার স্থিতিস্থাপকতা প্রদান করে।’
উল্লেখ্য, চীন হলো ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটন ঘোষণা দিয়েছে, নৌ-অবরোধের কারণে বেইজিং এখন থেকে কোনো ইরানি তেল সংগ্রহ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের ফলে চীনে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, তা লাঘবে মস্কোর এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
আল জাজিরা
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ