ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে অন্তত ১ হাজার ৭৫০ জনেরও বেশি আফ্রিকান নাগরিক লড়াই করছেন বলে দাবি করেছে ইউক্রেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকাওয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া বিভিন্ন প্রতারণামূলক কৌশলের মাধ্যমে আফ্রিকার ৩৬টি দেশের নাগরিকদের এই যুদ্ধে টেনে আনছে। দরিদ্র আফ্রিকান যুবকদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রথমে রাশিয়ায় আনা হচ্ছে এবং পরবর্তীকালে তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাইবিহা দাবি করেন যে বর্তমানে ১ হাজার ৭৮০ জনেরও বেশি আফ্রিকান নাগরিক রুশ বাহিনীর হয়ে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছেন।
ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকাওয়া এই দাবিকে সমর্থন করে জানান, এসব যুবকদের অধিকাংশেরই সামরিক বাহিনীতে কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ নেই। ডার্ক ওয়েবে সাধারণ চাকরির প্রলোভন দেখিয়ে তাদের রাশিয়ায় নেওয়া হয়েছে এবং সেখানে তাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। তিনি আরও জানান, আফ্রিকার তরুণদের এই যুদ্ধে জড়িয়ে পড়া রোধ করতে ঘানা এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ) সম্মিলিতভাবে কাজ করবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। কয়েক বছর ধরে চলা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ও ইউক্রেনের ন্যাটোর সদস্যপদের চেষ্টার জেরে শুরু হওয়া সেই যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ