তেহরান-ইস্পাহানসহ ইরানের ৫ শহরে শক্তিশালী বিস্ফোরণ

তেহরান-ইস্পাহানসহ ইরানের ৫ শহরে শক্তিশালী বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরান ছাড়াও ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরে এই বিস্ফোরণগুলো ঘটেছে। 

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি (রিপাবলিক) এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, রাজধানীর অন্তত দুটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তেহরানের কেন্দ্রস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠতে দেখা যাচ্ছে বলে তারা নিশ্চিত করেছে। তবে এই বিস্ফোরণগুলো কোনো বিমান হামলা না কি অন্য কোনো কারণে ঘটেছে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি ইরান সরকার।

এর আগে, ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে ও শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা দেশটিতে লক্ষ্যবস্তু লক্ষ্য করে 'প্রি-এম্পটিভ' বা প্রতিরোধমূলক অভিযান শুরু করেছে। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হামলার বিষয়ে বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের ওপর আসন্ন হুমকি রুখতে এবং আগেভাগেই বিপদ ‘নির্মূল’ করতে এই হামলা চালানো হয়েছে। 

বিবিসি ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রেরও অংশগ্রহণ রয়েছে এবং ইরানের আকাশসীমা বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন