ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওসাকা শহরের জরাজীর্ণ পানি সরবরাহ ব্যবস্থা মেরামতের জন্য ২১ কেজি ওজনের স্বর্ণের বার দান করেছেন এক রহস্যময় ব্যক্তি। ওসাকা শহরের মেয়র হিদেয়ুকি ইয়োকোয়ামা এক সংবাদ সম্মেলনে এই বিস্ময়কর অনুদানের কথা জানান। গত বছরের নভেম্বরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি এই স্বর্ণের বারগুলো দান করেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬০ মিলিয়ন ইয়েন বা ৩.৬ মিলিয়ন ডলার।
জাপানের কানসাই অঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ওসাকায় প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। শহরটিতে পানি ও পয়ঃনিষ্কাশন পাইপগুলো অনেক পুরোনো হওয়ায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা উদ্বেগ রয়েছে। শহরের পানি সরবরাহ ব্যুরোর তথ্যমতে, ২০২৪ অর্থবছরেই রাস্তার নিচের পাইপে ৯০টিরও বেশি লিকেজের ঘটনা ঘটেছে। জাপানের প্রায় ২০ শতাংশ পানির পাইপের মেয়াদ ৪০ বছর পেরিয়ে যাওয়ায় প্রায়ই মাটির নিচে গর্ত বা 'সিঙ্কহোল' তৈরির ঘটনা ঘটে।
বিস্ময়কর এই অনুদান সম্পর্কে মেয়র ইয়োকোয়ামা বলেন, “পুরোনো পানির পাইপ মেরামতের জন্য বড় বিনিয়োগ প্রয়োজন। এই দাতার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই”। জানা গেছে, এই রহস্যময় দাতা এর আগে পৌরসভার পানি সরবরাহ কাজের জন্য নগদ ৫ লাখ ইয়েন দান করেছিলেন। ওসাকা শহরের পানি সরবরাহ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, এই দান জরাজীর্ণ পাইপ মেরামতের কাজে ব্যয় করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ