ইরান যুদ্ধে আহত সেনাদের নতুন তালিকা প্রকাশ করল পেন্টাগন

ইরান যুদ্ধে আহত সেনাদের নতুন তালিকা প্রকাশ করল পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নতুন হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

পেন্টাগন জানিয়েছে, আহতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য স্থলবাহিনীর (আর্মি)। এই বাহিনীর ২৭১ জন সদস্য আহত হয়েছেন। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং ১৯ জন মেরিন সেনা রয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতে হতাহতের এই সংখ্যা ক্রমেই বাড়ছে। পেন্টাগন নিয়মিতভাবে তাদের এই ক্ষতির হিসাব হালনাগাদ করছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে, যার মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। তবে ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। বর্তমানে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। চুক্তি সই না হলে পুনরায় ইরানে হামলার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: মিডল ইস্ট আই

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন